শনিবার, ১৬ মে, ২০২৬ | Saturday, May 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসংস্কৃতি, সম্প্রীতি ও কমিউনিটি বন্ধনের অনন্য আয়োজনে ‘আগাম নববর্ষ” উদযাপন

সংস্কৃতি, সম্প্রীতি ও কমিউনিটি বন্ধনের অনন্য আয়োজনে ‘আগাম নববর্ষ” উদযাপন

বিদেশ বাংলা | সিডনি, অস্ট্রেলিয়া
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬
সিডনির ইঙ্গেলবার্ণ এলাকায় গত ৪ এপ্রিল এক বর্ণাঢ্য ও হৃদ্যতাপূর্ণ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আগাম বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের উদ্যোগ নেন আবদুল্লাহ আল মামুন ও পূরবী পারমিতা বোস, তাঁদের সঙ্গে ছিলেন পরিবার ও নিকটজনেরা।

প্রবাসে শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা ও প্রচারে দীর্ঘদিন ধরে সক্রিয় পূরবী পারমিতা বোস কমিউনিটির পরিচিত মুখ। প্রায় এক যুগ আগে তিনি নারী অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আমাদের কথা” নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে একই নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করে কমিউনিটি সংবাদ ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরার কাজ করে আসছেন। তাঁর এই উদ্যোগে সহযাত্রী হিসেবে আবদুল্লাহ আল মামুন, মঞ্জুশ্রী মিতা, তিশা তানিয়া প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের সন্তান পৃথিবীও এ কর্মকাণ্ডের অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানস্থলটি সাজানো হয়েছিল এক নান্দনিক পরিবেশে, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। বাড়ির উঠোনকে উৎসবমুখর সাজে রূপান্তর করে তৈরি করা হয় এক মনোরম সাংস্কৃতিক প্রাঙ্গণ। টেবিলজুড়ে ছিল দেশীয় নানা রকম মুখরোচক খাবার, আর অন্যপাশে নাচ ও গানের পরিবেশনার জন্য তৈরি করা হয় একটি আলাদা প্যাভিলিয়ন। নববর্ষ বরণের জন্য ছিল বিশেষ স্ট্যান্ড-অ্যালোন ডিসপ্লে। এসময় মেহেদী ও আলতায় নারীদের সাজিয়ে তুলতে ব্যস্ত ছিলেন তিশা তানিয়া।

সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে সিডনির বিভিন্ন স্তরের কমিউনিটি ব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিরা একে একে অনুষ্ঠানে যোগ দেন। আন্তরিক আপ্যায়নের পাশাপাশি চলে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত পরিবেশন করেন মারিয়া মুন এবং চারু শিল্পীগোষ্ঠীর শিল্পী আয়েশা কলি। নৃত্য পরিবেশন করেন আদৃতা আকাশ ও অন্নপূর্ণা।

অনুষ্ঠানের শেষাংশে আয়োজক ও শিল্পীরা সবাইকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। প্রবাসে বাংলা সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস