গত ৩রা অক্টোবর ২০২৬ শঙ্খনাদ ইনক্ সিডনির ইংগেলবার্ণের গ্রেগ পার্সিভ্যাল হলে এবছরের শারদ মেলার আয়োজন করে। শঙ্খনাদ ইনক বহু বছর ধরেই সফলভাবে শারদীয় দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসবের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার দুর্গাপূজা উপলক্ষে শারদমেলার আয়োজন করেছে।
শারদ মেলার প্রাঙ্গণে ছিল নানা রকম বুটিকস, জুয়েলারী শপ এবং মুখরোচক খাবারের স্টল।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ বৈচিত্র্যময় আয়োজনে এই বিশেষ অনুষ্ঠান হয়ে উঠল সিডনির বাঙালি সমাজের এক বিরল সাংস্কৃতিক আসর। সমাজ ও সম্প্রদায়ের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে শঙ্খনাদ ২০২৬ সালের শারদ সম্মাননা পুরস্কার প্রদান করে। এই বছরের সম্মাননা প্রাপ্তরা হলেন শ্রী পরমেশ ভট্টাচার্য, ড. স্বপন পাল, শ্রী নির্মল পাল ও সংগঠন হিসেবে শ্রী রাধা-কৃষ্ণ গৌরীয় মন্দির।
সংগঠনের প্রাক্তন সভাপতি শ্রী গনেশ ভৌমিকের উপস্থাপনায় ও বর্তমান সভাপতি রবীন্দ্র চন্দ্র দাসের পৌরহিত্যে পুরষ্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন যথাক্রমে ক্যামডেন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র এলিজা আজাদ রহমান, আমাদের কথার কর্ণধার পূরবী বড়ুয়া ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র জনাব মাসুদ খলিল। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও সম্মাননাপ্রাপ্ত গুনীজনরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা বিনয়ের সাথে বলেন যে, যেকোন পুরষ্কারই এক ধরণের স্বীকৃতি এবং তার ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। তাঁরা শঙ্খনাদের এই প্রায়াসকে সাধুবাদ জানান।
সবশেষে অনুষ্ঠানে আগত অতিথি, স্টল মালিক, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস। তিনি এবছরে শঙ্খনাদ আয়োজিত পাঁচদিন ব্যাপী শারদীয় আয়োজনে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।










