স্থানীয় সময় আজ ১৯ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় ভার্চুয়ালি বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করে অস্ট্রেলিয়া প্রবাসি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন। সিডনির করোনা পরিস্থিতির অবনতি ও সংগঠনের কার্যকরী পরিষদের কয়েকজন সদস্য আইসোলেশনে থাকায় এবং কমিউনিটির সুরক্ষার স্বার্থে সংগঠনের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করে জুম সভার মাধ্যমে বিজয় দিবস পালন করেছে জার্নালিস্ট এসোসিয়েশন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমে পবিত্র ক্বোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সিনিয়ক সহ-সভাপতি মোহাম্মদ আসলাম মোল্যা। এরপর বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্বাধীনতার ৫০ বছর ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামিলীগ, অস্ট্রেলিয়ার সভাপতি বিশিষ্ট আইনজীবি ডঃ মোহাম্মাদ সিরাজুল হক। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন কাউন্সিলের কার্যকরী পরিষদের সদস্য ডক্টর রতন লাল কুন্ডু।
এছাড়াও মহান বিজয় দিবসের আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের সদস্য এএইচএম মাসুম বিল্লাহ, মিডিয়া কমুনিকেশন সম্পাদক মোহাম্মাদ জিয়াউল কবির, যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য নাইম আবদুল্লাহ ও মোহাম্মাদ আসলাম মোল্যা।
অনুষ্ঠানে আইসোলেশনে থাকা সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়াও অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে মহান বিজয় দিবস ও কাউন্সিলরদে সম্বর্ধনা অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করার জন্য তিনি দুঃখও প্রকাশ করেছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংগঠনের সদস্যরা সুস্থ হলে অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে।

