বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | Wednesday, November 11, 2026
Homeঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত

গত ৬ই নভেম্বর ২০২৬ ল‍্যাকেম্বার ধানসিঁড়ি ফাংশন রুমে আয়োজিত কার্যনির্বাহী সভায় অস্ট্রেলিয়াপ্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)। আগামী ডিসেম্বরে সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের সঙ্গে বিজয় দিবস উদ্‌যাপন করা হবে। এ আয়োজনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা জানানো হবে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিডনির লাকেম্বায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল কবির জিহনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, সহসভাপতি ড. রতন কুন্ডু, আকিদুল ইসলাম, মাসুম বিল্লাহ ও আতাউর রহমান; সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন, মিডিয়া সম্পাদক আসিফ ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য দিদার হোসেন, অর্ক হাসান ও মোহাম্মদ জসিম উদ্দিন।

সভায় আগামী ডিসেম্বরে অভিষেক ও বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি দেশ-বিদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।

সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তার বিষয়ে সভায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। দেশে-বিদেশে সাংবাদিকদের হয়রানি, নির্যাতন বা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো এবং তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেয় এবিজেএ।

এ ছাড়া সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, এবিজেএর কোনো সদস্য হুমকি, হামলা, অপপ্রচার বা পেশাগত দায়িত্ব পালনে বাধার শিকার হলে সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে বয়কট করবেন এবং তাদের সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকবেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা অপরিহার্য। এবিজেএকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, সদস্যদের কল্যাণ এবং সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস