গত ২০ ডিসেম্বর ২০২৫ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া, আলোচনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিডনির ল্যাকেম্বা ইউনাইটিং চার্চ হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুপ্রেমী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. লাভলী রহমান। এবারের ব্যতিক্রমী আয়োজনে সিডনিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, ডা. হাবিবুর রহমান বিশ্বাস, জামাল উদ্দিন ও শাহাদত হোসেনকে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন প্রদান ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর উপস্থিত সকলে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বঙ্গবন্ধুসহ ৩০ লক্ষ শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য দোয়া পরিচালনা করেন শাহে আলম সৈয়দ। দেশের এই ক্রান্তিকালে ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া বিজয় দিবস উদযাপন করে।
আলোচনা পর্বে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দসহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য কমিউনিটি সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার উদ্দিন ইফতু।
বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি ড. নিজাম উদ্দিন আহমেদ, তিন বঙ্গবন্ধু পরিষদের ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও সাবেক সভাপতি ডা. নূরুর রহমান খোকন, শাহ আলম সৈয়দ, মোস্তাক মেরাজ, পূরবী বড়ুয়া, নাসিম সামাদ, মাকছুদুর রহমান চৌধুরী সুমন, আনিসুর রহমান রিতু, অপু সরোয়ার, গিয়াস উদ্দিন মোল্লা, হারুনুর রশীদ, মনির হোসেন, আশিক সুজন, মাঈনুল ইসলাম জনি এবং মঞ্চে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
সভায় বক্তারা বর্তমানে বাংলাদেশে বিদ্যমান অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার লক্ষ্যে ড. ইউনুস ‘রিসেট বাটন’ চাপিয়েছেন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, ‘জয় বাংলা’ স্লোগান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতসহ স্বাধীনতার স্মৃতিচিহ্ন মুছে ফেলার অপচেষ্টা চলছে। এ অবস্থার বিরুদ্ধে দেশে ও বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
স্বাধীনতার চেতনা ও দেশাত্মবোধক গানে সাজানো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. রতন কুন্ডু। সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, পূর্ণতা কুন্ডু ও ‘প্রতীতি’ দলের সদস্যরা। প্রতীতির কর্ণধার সিরাজুস সালেকীনের সঞ্চালনা ও অংশগ্রহণে ফারুক আহমেদ, লরিনা নূপুর রোজারিও, শরিফা সুলতানা মুন্নী, ফয়সল খালিদ শুভ, মারিয়া মুন, রিনি গোস্বামী, অনুপম গোস্বামী, কাদেরী কিবরিয়া, মমতাজ রহমান ও রুমানা সিদ্দিকী দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তবলায় সংগত দেন বিজয় সাহা ও মিঠু বর্মন এবং গিটারে সংগত দেন অয়ন দত্ত। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন ‘ভবের হাট’-এর ব্যবস্থাপনা পরিচালক জাকি খন্দকার।
সমাপনী বক্তব্যে সভাপতি ডা. লাভলী রহমান সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের অনুদান, সময়, শ্রম ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। পরে অতিথিদের নৈশভোজে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আগত সকল অতিথিদের বৈকালিক চা ও নৈশভোজে আপ্যায়ন করা হয়।

