রবিবার, ১০ মে, ২০২৬ | Sunday, May 10, 2026
Homeঅস্ট্রেলিয়াপ্রথম আলো–ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ ও সাংবাদিক হত্যাচেষ্টার বিরুদ্ধে সোচ্চার অস্ট্রেলিয়া বাংলাদেশ...

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ ও সাংবাদিক হত্যাচেষ্টার বিরুদ্ধে সোচ্চার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রবাসী লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA)। সংগঠনটি এই ঘটনাকে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে একটি “কালো দিন” হিসেবে অভিহিত করে বলেছে, এ ধরনের সন্ত্রাসী হামলা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের জীবননিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

২১ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্তোরাঁর হলরুমে এ উপলক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য আকিদুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এস এম দিদার হোসেন, বেলাল হোসেন ঢালী, মোস্তাফিজুর রহমান মঞ্জু, হাজী মো. দেলওয়ার হোসেন, এহতেশামুল মুজিব মৃদুল, আতাউর রহমান, অর্ক হাসান, দিলারা জাহান, মো. রেজাউল করিম, সারিফুল ইসলাম স্বপন, শাকিল সিকদার, সামসুল আরেফিন রিয়াদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, অফিস ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম লুটপাট এবং মাঠপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে দেশজুড়ে ভয়ভীতি সৃষ্টির মাধ্যমে সাংবাদিকতা দমন করার একটি সংঘবদ্ধ অপচেষ্টা চলছে। একই সঙ্গে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলার মতো ঘটনাগুলো দেখিয়ে দেয়—এটি কেবল গণমাধ্যম নয়, মুক্তচিন্তা ও সংস্কৃতির ওপরও সুপরিকল্পিত আক্রমণ।

সভায় বক্তারা হামলার সময় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের নিষ্ক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, রাষ্ট্র কি তবে সন্ত্রাসী শক্তির নীরব পৃষ্ঠপোষকে পরিণত হচ্ছে? দেশে ক্রমবর্ধমান সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ঘটনা জঙ্গিবাদী রূপান্তরের অশনিসংকেত বহন করছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু গণআন্দোলনের যোদ্ধা হাদি’র নৃশংস হত্যাকাণ্ড এবং প্রথম আলো–ডেইলি স্টার-এর মতো প্রতিষ্ঠানে হামলা প্রমাণ করে যে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

প্রতিবাদ সভা থেকে অবিলম্বে হাদি হত্যাকাণ্ড, গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিক হত্যাচেষ্টার ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশ-বিদেশের সকল বিবেকবান মানুষ, সাংবাদিক সমাজ ও মানবাধিকারকর্মীদের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA)।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস