সিডনিতে প্রবাসী বাঙালি কমিউনিটির উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ এপ্রিল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসে বাংলা সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
সাদিয়া সাখাওয়াতের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। আয়োজকদের পক্ষ থেকে “একতা লাকেম্বা ইউনাইটেড গ্রুপের” প্রেসিডেন্ট এবং ক্যান্টারবারি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর শিরিন আক্তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
স্বাগত বক্তব্যে শিরিন আক্তার বলেন, Cultural Night 2026 এ সবাইকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি বাংলা শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উদযাপন, যা Ekota Lakemba United Group এবং Natraj Dance Academy Sydney যৌথভাবে আয়োজন করেছে। গত ছয় মাসের প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এ আয়োজন সফল হয়েছে। তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রখ্যাত শিল্পী লোকনাথ দে কে স্বাগত জানিয়ে বলেন, তিনি ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন গুণী শিল্পী এবং বাংলা নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজ জগতে সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি আরও বলেন, বাংলা সংস্কৃতি সমৃদ্ধ, বৈচিত্র্যময় এবং ইতিহাসনির্ভর; সাহিত্য, সংগীত, নৃত্য ও সংগ্রামের এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজের অংশ হতে পেরে আমরা গর্বিত।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত নাট্যপ্রযোজনা ‘দেবী চৌধুরানী’। “নটরাজ ডান্স একাডেমি সিডনির” পরিবেশনায় নাটকটি দর্শকদের মুগ্ধ করে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে। নাটকটির পরিচালনা করছেন লোকনাথ দে।
অ্যাডাপ্টেশন, স্ক্রিপ্ট ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন সৌমিক ঘোষ। সেট ডিজাইনে ছিলেন লোকনাথ দে, মেরভিন দাস, সৌমিক ঘোষ ও দেবরাজ চক্রবর্তী।
হালকা নকশায় ছিলেন লোকনাথ দে ও ধ্রুব। সঙ্গীত সহযোগী ছিলেন বিজয় সাহা ও সম্ভু ভট্টাচার্য। নাচের কোরিওগ্রাফি করেছেন নটরাজ ডান্স একাডেমির কর্ণধার শ্রেয়সী দাস। মেক আপে ছিলেন শেরিন আক্তার, শাওলি ও রাখী।
অভিনয় করেছেন অন্বেষা, রেমো, শ্রেয়সী, স্নিগ্ধা, পায়েল, লুৎফুন্নেসা, সঞ্চারি, সুদীপ্ত, সন্দীপ, সৌমিক, চন্দন, অনুপম, মারভিন, মিতা, হিমেল, শেরিন, শাওলি, সম্ভু, দেবরাজ, লোকনাথ ও তাপস। নাচে অংশগ্রহণ করেছে রীমা, স্মরণ্যা, স্বস্তিকা, রিনিকা, ঐশিতা, অঙ্কিতা ও গুনগুন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিভাবান শিল্পীর অংশগ্রহণে নৃত্য, সংগীত ও অন্যান্য মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়। একতা লাকেম্বা ইউনাইটেড গ্রুপ ও নটরাজ নৃত্য একাডেমি সিডনির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রস্তুতি ও সুপরিকল্পিত আয়োজনের ছাপ স্পষ্ট ছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের শিল্প সম্পর্ক বিষয়ক মন্ত্রী, কর্মস্থল স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং ক্যান্টারবারি আসনের সদস্য “সোফি কোটসিস”। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরি ও অ্যাশ রহমান, ক্যান্টারবারি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের হ্যাডি সালেহ, বিসিএ প্রেসিডেন্ট শেখ শামীমুল হক, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন, বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
একতা লাকেম্বা ইউনাইটেড গ্রুপের উদ্যোগে অনুষ্ঠানে সংগঠনের অফিসিয়াল ক্যাপ উন্মোচন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের হাতে ক্যাপ তুলে দেন সাখাওয়াত হোসেন বাবু। এই প্রতীকী উপহার সংগঠনের ঐক্য, পরিচয় ও কমিউনিটি স্পিরিটের বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরা হয়।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতি অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।
সার্বিকভাবে আয়োজনটি ছিল অত্যন্ত সফল ও প্রাণবন্ত, যা প্রবাসে বাংলা সংস্কৃতির শক্তিশালী উপস্থিতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সবার মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহযোগিতা করেন সাখাওয়াত হোসেন বাবু এবং কাজী আলম রুবেল।






