গত ২২শে নভেম্বর ২০২৬ সিডনির অদূরে চিপিং নর্টন লেকের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো ‘কৃষিবিদ অস্ট্রেলিয়া পিকনিক ২০২৬’।
চারিদিকে লেক পরিবেষ্টিত ছায়া সুনিবিড় মনোরম ও স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কৃষিবিদ অস্ট্রেলিয়া পিকনিক ২০২৬’।
দিনব্যাপী এই মিলনমেলায় সিডনি, অস্ট্রেলিয়ার বিভিন্ন আঞ্চলিক শহর ও অঙ্গরাজ্য থেকে আগত প্রায় দুইশতাধিক কৃষিবিদ, তাঁদের পরিবার-পরিজন, তরুণ ও প্রবীণ সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন পর প্রিয় সহকর্মী, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে পুনর্মিলনের আনন্দে পুরো আয়োজনস্থল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। সেখানে সবাই পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
লেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ এবং সুস্বাদু খাবার, বাহারি কেক, মিষ্টি ও পানীয়ের সমারোহে দিনটি সবার জন্য হয়ে ওঠে স্মরণীয় ও উপভোগ্য।
অনুষ্ঠানের সূচনা হয় কৃষিবিদ অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ আবুল সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সন্চালনায় ছিলেন সাধারন সম্পাদক ডঃ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে ডঃ কাইউম পারভেজ ও ডঃ রন্জনা সরকারের নির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পিকনিকের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। সহ-সভাপতি জিয়াউল হক বাবলু ও ক্রীড়া সম্পাদক ইন্দ্রজিৎ বিশ্বাসের পরিচালনায় শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
কৃষিবিদদের জন্য আয়োজিত নির্দিষ্ট লক্ষ্যে ফুটবল নিক্ষেপ প্রতিযোগিতা এবং নারীদের অংশগ্রহণে মিউজিক্যাল পিলো প্রতিযোগিতা অনুষ্ঠানে বাড়তি আনন্দ, হাসি ও বিনোদনের মাত্রা যোগ করে।
প্রতিযোগিতাগুলোতে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পারস্পরিক উৎসাহ-উদ্দীপনা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতি, প্রবীণ কৃষিবিদ, সংগঠনের সাবেক সভাপতিবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
‘কৃষিবিদ অস্ট্রেলিয়া পিকনিক ২০২৬’ শুধু একটি আনন্দভ্রমণ বা বিনোদনমূলক আয়োজনই নয়, বরং প্রবাসে বসবাসরত কৃষিবিদদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি, প্রজন্মের মেলবন্ধন এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার এক অনন্য উদ্যোগ হিসেবে সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।




