সিডনি থেকে আমাদের কথা লাইফ স্টাইল ও ডেইলি অনলাইন নিউজ পোর্টাল দৈনন্দিন জীবনাচরণ থেকে শুরু করে পৃথিবী ব্যাপী প্রতিদিনের নিত্য নতুন খবরা খবর নিয়ে তাদের যাত্রা শুরু করছে।
নিউজ পোর্টালটির সম্পাদক পূরবী পারমিতা বোস জানান, আমাদের কথা প্রথম থেকেই আমাদের চারপাশে লুকিয়ে থাকা মেয়েদের প্রতিভা প্রকাশে সাহায্য করার কথাই বলে এসেছে। তাই স্বাভাবিকভাবেই মেয়েদের অগ্রাধিকার থাকবে লেখার ক্ষেত্রে। রান্নাঘর থেকে কর্পোরেট একজন নারী মাত্রই দশভূজা সেই সকল অভিজ্ঞতার গল্প থাকবে তাদের লেখনীতে আমাদের পত্রিকায়।
নির্বাহী সম্পাদক মঞ্জুশ্রী মিতা জানান, আমাদের কথা ইনক এর নতুন সংযোজন আমাদের কথা নিউজ পোর্টাল। আমাদের কথা গুটি গুটি পায়ে এগিয়ে চলা সংগঠনটির বয়স এখন তিন। শত বাধা-বিপত্তি পেরিয়ে আজ যে পথে এসে আমরা দাঁড়িয়েছি সে পথের পাথেয় শুধুই স্বপ্ন পূরণের সাফল্যগাঁথা। এমন একটি স্বপ্নের হাত ধরে সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করার প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার প্রথম বাংলা লাইফ স্টাইল পত্রিকা “আমাদের কথা অনলাইন নিউজ পোর্টাল”।
নিউজ পোর্টালটির প্রকাশক আবদুল্লাহ আল মামুন জানান, প্রবাসে বাংলা ভাষার এই অনলাইন নিউজ পোর্টালটি আমরা ভাষার মাস ফেব্রুয়ারীতে সকল বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুভ উদ্বোধন করতে যাচ্ছি। সময়ের স্রোতে আমাদের কথা- আপনাদের সকলের শুভ কামনায় এগিয়ে চলুক বীরদর্পে এই আমাদের প্রত্যাশা।

