গত ৩রা ডিসেম্বর ২০২৩ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার বার্ষিক সাধারণ সভা’২৩ইং অনুষ্ঠিত হয় সিডনি’র মিন্টুস্হ বিডি হাব মিলনায়তনে। অনুষ্ঠানে সিডনির বিভিন্ন রাজ্য থেকে আগত কৃষিবিদগন অংশগ্রহণ করেন। যাঁরা সশরীরে অংশগ্রহণ করতে পারেননি তারা ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন। কৃষিবিদ ডক্টর আবদুস সাদেক এর সভাপতিত্বে ও কৃষিবিদ পরমেশ ভট্টাচার্যর সঞ্চালনায় এই সাধারণ সভাটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার সভাপতি ডঃ আবদুস সাদেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষিবিদ পরমেশ ভট্টাচার্য। সভার শুরুতেই দেশে বিদেশে প্রয়াত কৃষিবিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর পরমেশ ভট্টাচার্য বিগত সাধারণ সভার কার্য-বিবরনী পাঠ করে উপস্থিত সদস্যদের শোনান এবং তাতে সবাই আলোচনায় অংশগ্রহণ করেন। কিঞ্চিত সংশোধন পূর্বক এই বিগত সাধারণ সভার কার্য বিবরনী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এরপর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার কোষাধ্যক্ষ কৃষিবিদ
ডঃ বাবর আলী বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। এর উপর আলোচনায় অনেক কৃষিবিদ অংশগ্রহণ করেন এবং বিশদভাবে আলোচনা পূর্বক তাদের নিজস্ব অভিমত ব্যক্ত করেন। পরে আলোচনা শেষে
উপস্থিত সদস্যদের গঠনমূলক সংশোধনী সহ বার্ষিক আয় ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপরে সাধারণ সম্পাদক কৃষিবিদ
পরমেশ ভট্টাচার্য সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন। সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং বিবিধ বিষয়ের উপর অনেক কৃষিবিদ গঠনমূলক আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পরিশেষে সাধারণ সম্পাদক এর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল এবং অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের সাথে কৃষিবিদ সংশ্লিষ্ট কার্যক্রম আরও সফল এবং সুন্দরভাবে সমন্বয় সাধন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ থেকে টেলিফোনে যুক্ত হন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর প্রাক্তন সফল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রাতিষ্ঠানিক রূপকার কৃষিবিদ জনাব আফম
বাহাউদ্দিন নাসিম। তিনি তার বক্তব্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার
সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের সার্বিক সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থী হয়েছেন। তাই তিনি যাতে নির্বাচিত হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন তার জন্য সবার কাছে সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং দোয়া চেয়েছেন। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার পক্ষে কৃষিবিদ নির্মল পাল তাঁকে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অস্ট্রেলিয়া শাখার পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, কৃষিবিদ আবু ইব্রাহিম। আর আগামীদিনে অতীতের ন্যায় সবার সক্রিয় সাহায্য সহযোগিতা কামনা করে সমাপনী বক্তব্য দেন সভাপতি কৃষিবিদ ডঃ আবদুস সাদেক। সংগঠনের সভাপতির জন্মদিন পালন উপলক্ষে একটি কেক কাটা হয় এবং সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়নের মধ্য দিয়ে এই বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।





