নৃত্যাঞ্জলি ডান্স একাডেমী বারো মাসে তেরো পার্বন উদযাপনের ধারাবাহিকতায় গত ৯ই জুন ২০২৪ আয়োজন করেছিলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পার্বণ অনুষ্ঠান। সিডনির ল্যাকেম্বায় নৃত্যান্জলী একাডেমী হল রুমে দুপুর ২ টা থেকে রাত দশটা অব্দি একটানা চলে এই অনুষ্ঠান। এবারে নৃত্যাঞ্জলির এই অনুষ্ঠান এর মূল আকর্ষণ ছিলো এখানে জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্মের বাংলা হাতের লিখা প্রতিযোগিতা, শাড়ি-গহনার প্রদর্শনী, ফটোবুথ ও দেশে যতো রকম পিঠাপুলি তৈরী হয় তা স্থানীয় ভাবে তৈরী করে অতিথিদের আপ্যায়ন।এ ছাড়াও ছিলো বিভিন্ন প্রকারের পানীয় ও হরেক প্রকার মিষ্টান্ন। ছিলো ঝালমুড়ি ও চায়ের আয়োজন।
মধ্যাহ্নভোজের আয়োজনে ছিলো দেশজ উপকরণে তৈরী লাউ চিংড়ি, কচুর লতি দিয়ে লইট্টা শুটকি, মুরগির মাংসের পাতলা ঝোল, ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট, লাউ চিংড়ি, টক ডাল, ফুলকপি আলু ভাজি, বেগুন ভাজি, কুমড়া ভর্তা, আলু ভর্তা, চাটনি, দই, মিষ্টি ও খাবার শেষে পান সুপারি।
দিনব্যাপী পরিবেশিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি দীর্ঘ ১৯ বছর যাবত প্রশান্ত পাড়ের দেশ সিডনিতে দেশজ সাংস্কৃতির চর্চা করে আসছে। পিঠা-পার্বন অনুষ্ঠানটির মূল পরিকল্পনাকারী ছিলেন মৌসুমী ও রাজেশ সাহা।
পুরো অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঞ্চালনা করেন ড. রতন কুন্ডু। কবিতা আবৃত্তি করেন সিডনির বিশিষ্ট আবৃত্তিকার ও উপস্থাপক মুনা মোস্তফা, পলি ফরহাদ, হাসান মেহেদী ও রতন কুন্ডু। সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর নিয়মিত সংগীত শিল্পী ও ছায়ানটের প্রশিক্ষক ইমরান হোসাইন, নিলুফা ইয়াসমীন, মৌসুমী সানা, আদৃতা হাটি, অমিয়া মতিন সহ অন্যান্য শিল্পীবৃন্দ। একক নৃত্য পরিবেশন করেন পম্পা হাটি। দলীয় নৃত্য পরিবেশন করেন মৌসুমী সাহা, সুলতানা সুফিয়া মিতু ও সাদিয়া বুশরা।

