গত ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অফ অস্ট্রেলিয়া প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও বড়দিন উপলক্ষে এক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিডনির অদূরে ঈগেলভেল এলাকায় অবস্থিত মা মেরী ইমাকুলেট চার্চের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান সম্প্রদায়ের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সংগঠনটি গত তিন দশক ধরে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এবারের বড়দিন উৎসবটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ন্যান্সি লীনা ব্যারেল। সভাপতির স্বাগত বক্তব্যের পর পাস্টর এলেন যোসেফের পরিচালনায় প্রার্থনা সংগীত, কীর্তন ও পবিত্র বাইবেল থেকে পাঠ করা হয়। বাংলাদেশ থেকে আগত চার্চ অব বাংলাদেশের অবসরপ্রাপ্ত বিশপ পল শিশির সরকার বিশ্বমানবতার বিকাশে মহান যীশুর অবদান ও আমাদের করণীয় সম্পর্কে মূল্যবান উপদেশ প্রদান করেন এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন।
সাংস্কৃতিক পর্বটি উপস্থাপনা করেন সীমা মজুমদার, যাকে সহযোগিতা করেন জুলিয়েট রয়। এ পর্বে আবহমান বাংলা সংস্কৃতির নাচ, গান ও শ্রুতিনাটক পরিবেশিত হয়। বিশেষ আকর্ষণ ছিল জুলিয়েট পপি শাহ’র পরিকল্পনা ও পরিচালনায় আয়োজিত ব্যতিক্রমধর্মী জামদানি শাড়ির ফ্যাশন শো, যেখানে শিশু, কিশোরী ও প্রাপ্তবয়স্করা অংশগ্রহণ করেন। নৃত্য পরিবেশন করেন অর্চি ঢালীসহ অন্যান্য শিল্পীরা এবং সংগীত পরিবেশন করেন সমীর রোজারিও।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের বিশিষ্টজনরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ পর্বটি সঞ্চালনা করেন ন্যান্সি লীনা ব্যারেল। পরে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডেইজি মিঠু বিশ্বাস ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিবছরের মতো এবারও হার্বাট বিশ্বাসের সম্পাদনায়, লরেন্স ব্যারেলের অলংকরণে এবং এডওয়ার্ড চৌধুরীর সহযোগিতায় সংগঠনের বার্ষিক ম্যাগাজিন “জল” প্রকাশ করা হয়। লাইট, মিউজিক ও অন্যান্য ব্যবস্থাপনায় ছিলেন মাহাদী, থিওফিল বৈদ্য, অনাদি বিশ্বাস, রথীন্দ্র নাথ ঢালী, লিন্ডা মন্ডল, অ্যাঞ্জেলিনা ঢালী, চেরী সরকার, তাপস কর, রোমেল পল, দীপা বিশ্বাস, ইন্দিরা ইরা, জেনেট শিল্পী বৈদ্য ও বাবু গ্যাব্রিয়েল বিশ্বাস।
শিশুদের আনন্দ দিতে সান্টা ক্লজ উপহার নিয়ে আসেন; সান্টার ভূমিকায় ছিলেন এলেন যোসেফ গোমেজ। হল ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন বনি গিলবার্ট বৈদ্য, জেসি ফ্রান্সিস, দীপক কর্মকার, মিলন সরকার, সাইলাস শুসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। র্যাফেল ড্র পরিচালনা করেন দেবব্রত সরকার এবং হল পরিসজ্জায় ছিলেন ডেইজি মিঠু বিশ্বাস, এডওয়ার্ড চৌধুরী ও মানিক বাড়ৈ।
অনুষ্ঠানে আগত অতিথিদের সান্ধ্যকালীন চা, পিঠা, কেক ও নৈশভোজে আপ্যায়ন করা হয়।
তিন দশক ধরে বাংলাদেশ খ্রিস্টান ফেলোশিপ অফ অস্ট্রেলিয়ার এই আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করে আসছে।

