গত ১৭ই নভেম্বর ২০২৪ রোববার কৃষিবিদ অস্ট্রেলিয়া, দেশের বিভিন্ন রাজ্যে বসবাসরত বাংলাদেশি কৃষি শিক্ষার স্নাতক অভিভাসীদের পরিবার সমূহকে নিয়ে সিডনি হারবারে এক মিলন মেলার আয়োজন করে। প্রসংগত উল্লেখ্য বিগত শতাব্দীর আশির দশকে তৎকালীন অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে কৃষি বিশেষজ্ঞদের অস্ট্রেলিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্কিল মাইগ্রেশন বা মেধাভিত্তিক অভিভাষন প্রদান করে। ফলশ্রুতিতে শত শত কৃষিবিদ অস্ট্রেলিয়া আসার সুযোগ পায় এবং একটি পেশাভিত্তিক সংগঠন: কৃষিবিদ অস্ট্রেলিয়ার জন্ম দেয়। মুল উদ্দেশ্য ছিলো প্রবাসে একটি নিজস্ব কমিউনিটি সৃষ্টি করা। প্রথম কয়েক বছর এটি অনিবন্ধিত থাকলেও পরবর্তীতে তা সরকারী নিবন্ধন লাভ করে। প্রবাসে এই সর্ববৃহৎ সংগঠনটি বাৎসরিক চড়ুইভাতি, খেলাধুলা সহ অন্যান্য সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় এবছর সংগঠনটি দ্বিতীয় বারের মতো সিডনি হারবারে জাহাজে এই পূনর্মিলনীর আয়োজন করে। ভবঘুরে (ভ্যাগাবন্ড) নামের এই জাহাজটিতে প্রায় তিনশত লোকের সমাগম হয়েছিলো। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা অব্দি চলে এ নৌবিহার। পুরোনো বন্ধুদের সাথে খোসগল্প, ছবি তোলা, সকালের নাস্তা, চা-কফি, মধ্যাহ্নভোজ, অপরাহ্নের জলযোগ সবাই উপভোগ করেছে। বিশেষ আকর্ষন ছিলো কৃষিবিদ পরিবারের সদস্যদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক বিকেল। সেখানে সবাই গান, প্যারোডি, কবিতা আবৃত্তি ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করেন। এছাড়া বক্তারা প্রায়ত কৃষিবিদদের স্মরন করেন। আলোচনা পর্বে সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আবুল সরকার কার্যকরী কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন। এ দিনটিকে কৃষিবিদ পরিবারের সবাই অনেকদিন স্মরণ করবেন।

