অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেলটাউন অঞ্চলে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় ক্রীড়া সংগঠন ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস (সিইএস) আগামী ২৩ আগস্ট আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘সিইএস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬: ব্যাটল অব দ্য চ্যাম্পিয়ন্স’।
সংগঠনের নিবন্ধিত রবিবার সকালের এবং মঙ্গলবার রাতের ব্যাডমিন্টন গ্রুপের খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের ইতিহাসের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং বন্ধুত্ব, ক্রীড়াসুলভ মনোভাব এবং কমিউনিটির ঐক্য উদযাপনের একটি বিশেষ উপলক্ষ। প্রতিটি ম্যাচ, র্যালি ও স্ম্যাশে ফুটে উঠবে খেলোয়াড়দের দক্ষতা, উদ্দীপনা, নিষ্ঠা এবং পারস্পরিক সম্প্রীতির প্রতিফলন।
আয়োজকরা আরও জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের উপস্থিতিও দিনটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। তাদের মতে, শিরোপা জিতবেন একজন, তবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়ই ক্যাম্পবেলটাউন ঈগলস পরিবারের শক্তি, ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক।
আগামী রোববার, ২৩ আগস্ট, বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাম্পবেলটাউনের এ১ ব্যাডমিন্টন ভেন্যুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন রেইন অ্যান্ড হর্ন এডমনসন পার্ক | বার্ডিয়া-এর প্রতিনিধি সাদিক করিম। আয়োজকদের মতে, তার সহযোগিতা কমিউনিটির সদস্যদের জন্য খেলাধুলা, পারস্পরিক সংযোগ এবং সুস্থ প্রতিযোগিতার আরও সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের মূল দর্শন ‘Play, Connect & Grow Together’। অর্থাৎ খেলাধুলার মাধ্যমে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করা, একসঙ্গে এগিয়ে যাওয়া এবং নতুন সাফল্যের গল্প রচনা করা। আসন্ন ‘ব্যাটল অব দ্য চ্যাম্পিয়ন্স’ সেই লক্ষ্য বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ছবি: ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস
তথ্যসূত্র: টিম প্রেস (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)

