বিদেশ বাংলা । সিডনি, অস্ট্রেলিয়া
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা আবারও সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ‘বাংলাদেশি অস্ট্রেলিয়ান’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ২৫ জুলাই (শনিবার) সিডনির রেড ক্রস অস্ট্রেলিয়ার লাইফব্লাড পারামাট্টা ডোনার সেন্টারে দিনব্যাপী কমিউনিটি ব্লাড ডোনেশন ডে সফলভাবে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন। আয়োজকদের মতে, রক্তদান কেবল একটি মানবিক সহায়তাই নয়, এটি জীবন বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন রক্তদাতার এই স্বেচ্ছাসেবী উদ্যোগ একাধিক মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব চৌধুরী এস এ বেগ। তিনি রক্তদাতাদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যেও সমাজের কল্যাণে বাংলাদেশিদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মসহ সবাইকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
এই আয়োজনের কমিউনিটি পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী খান শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন।
এছাড়া কর্মসূচির পৃষ্ঠপোষক ছিল বে মাইগ্রেশন সল্যুশনস। প্রতিষ্ঠানের পরিচালক এম শাহাদাত হোসেন-এর সহযোগিতার জন্য আয়োজকরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক উদ্যোগে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
পুরো কর্মসূচির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন তারাফদার তানজিল মাহাদি। তাঁর পরিকল্পনা, দক্ষ সমন্বয় এবং নিরলস পরিশ্রমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হয়।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল রক্তদাতা, নিবন্ধনকারী, স্বেচ্ছাসেবক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের প্রচারে সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
‘বাংলাদেশি অস্ট্রেলিয়ান’ ফেসবুক গ্রুপের নেতৃবৃন্দ বলেন, এই কর্মসূচির সাফল্য প্রমাণ করেছে যে প্রবাসের ব্যস্ততার মধ্যেও বাংলাদেশি কমিউনিটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
“এক ব্যাগ রক্ত, একাধিক জীবনের নতুন আশা” এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত রক্তদান কর্মসূচিটি প্রবাসী বাংলাদেশিদের মানবিকতা, সামাজিক সংহতি ও জনকল্যাণে সক্রিয় অংশগ্রহণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

