সিডনির ম্ক্যাম্পবেলটাউন এলাকায় স্থানীয় সময় ২১ জানুয়ারি (রবিবার) সাড়ে ১o টায় লেপিংটনের স্টেট এমপি নাথান হাগার্টি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ-বি স্ট্রীট লাইব্রেরীর ১৫ তম শাখা উদ্বোধন করেন। এই সময় ম্ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কলামিস্ট অজয় দাস গুপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ-বি স্ট্রীট লাইব্রেরীর প্রেসিডেন্ট কামাল পাশার সভাপতিত্বে এই সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আশিক রহমান অ্যাশ। লেপিংটনের স্টেট এমপি নাথান হাগার্টি তার সংক্ষিপ্ত বক্তব্যে উদ্যোগটির প্রশংসা জানিয়ে আগামী এ-বি স্ট্রীট লাইব্রেরীর ১৬ তম শাখা তার অফিসের সামনে করার ঘোষনা দেন।
২২৬ ঈগল ভিউ রোড মিন্টুর বাসিন্দা জুই সেন পাল ও দেবব্রত পাল এর বাড়ির আঙিনায় বইয়ের বাক্স রাখার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো শফিকুল আলম, ড. নিজামউদ্দিন, ড. রফিক ও মিলি ইসলাম, নির্মল রায়, মাজহারুল ইসলাম, পূরবী পারমিতা বোস, নজরুল ইসলাম, জুলফিকার হক, আবুল কালাম আজাদ, আবদুল কাদের স্থানীয় শিশু, তাঁদের অভিভাবক ও উৎসাহী স্থানীয় বাসিন্দারা।
এ-বি স্ট্রীট লাইব্রেরী একটি বই পড়ার কর্মসূচি যেখানে একটি বাড়ির সম্মুখ উঠোনে স্থাপিত একটি বক্সে বই রাখা হয় এবং বই নিয়ে পড়া শেষে ফেরত দেয়ার পাশাপাশি পঠিত বইটি প্রতিবেশীর পড়ার জন্য রেখে দেয়া যায়। বই নিতে বা দিতে কারো অনুমতির প্রয়োজন হয় না। এই জ্ঞান ভাগ করে নেয়ার চমৎকার ধারনা নিয়ে সংগঠনটি ১০০টি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
উলেখ্য, আগ্রহী যে কেউ নিজ বাড়ির আঙ্গিনায় এই জনপ্রিয় স্ট্রিট লাইব্রেরি করতে চাইলে আয়োজকদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া বাংলা অথবা যে কোনো ভাষার নতুন কিংবা পুরোনো বই দান করে এই মহতী উদ্যোগকে এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে।

