গত ১৬ ই ডিসেম্বর ২০২৩ বিডি কনস্যুলেট সিডনি কনস্যুলেট মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবস পালন করে। সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পরে পবিত্র ক্কোরআন থেকে তিলাওয়াত ও দেয়া পাঠ করেন ডাঃ শামীম হাসান, পবিত্র গীতা থেকে পাঠ করেন ড. রতন কুন্ডু ও পবিত্র বাইবেল থেকে পাঠ করেন মিন্টু রোজারিও। এরপর স্বাগত বক্তব্য রাখেন সম্মানিত কনসাল জেনারেল জনাব শাখাওয়াৎ হোসেন। অনুষ্ঠান পরিকল্পনা, পরিচালনা ও সন্চালনায় ছিলেন সম্মানিত কনসাল ও চান্চেরী প্রধান জনাব আশফাক হোসেন। অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সনদ ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুন, এনায়েতুর রহিম বেলাল, ডাঃ হাবিবুর রহমান, রেজাউর রহমান ও হেলাল উদ্দিন সম্মাননা গ্রহন করেন।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাধীনতার গানের সাথে নৃত্য পরিবেশন করেন স্বনামধন্য নৃত্যশিল্পী অর্পিতা সোম চৌধুরী ও তাঁর একাডেমীর নৃত্যশিল্পী অরণী ভৌমিক, নাজাহ্ ফারিন ও প্রাপ্তি দেব। সিডনিতে জন্মগ্রহন করা ও বেড়ে ওঠা বর্তমান প্রজন্মের একঝাঁক প্রত্যয়ী কিশোর কিশেরী রূপন্তি, অস্মিতা, নাবিলা, ঋদ্ধ, নীলাদ্রি ও হিমাদ্রি একে একে একক ও সমবেত কন্ঠে দেশের গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।
এক পর্যায়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র পাঠক এম আর আক্তার মুকুলের কন্যা কবিতা পারভেজ চরম পত্র বই থেকে পড়ে শোনান। সম্মানিত কনসাল জেনারেল অংশগ্রহনকারী সবাইকে পুরষ্কার প্রদান করে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

